রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬ বিকাল ০৫:১১:৩১
দীর্ঘদিন আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেফতার
বগুড়ার ধুনট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকন-কে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় থানা চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার (৯ মে) দুপুরে ধুনট থানা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে আদালতে পাঠানো হয়। এসময় থানা চত্বরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোকনকে থানার ভেতর থেকে বের করে আনার সময় কয়েকজন সমর্থক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ার ধুনট থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আব্দুল হাই খোকন-এর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া তার নামে মোট ১১টি মামলা রয়েছে। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
তবে থানা চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। থানায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”