জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬ রাত ০৭:১১:৪২
বিশেষ কায়দায় মোটরসাইকেলে ইয়াবা পাচার, আটক ২
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল মিয়া, তিনি মৃত মোফাজ্জল হোসেনের ছেলে এবং মো. সজীব, তিনি খাইরুল ইসলামের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।