টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬ রাত ০৭:২২:০৫
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
সোমবার রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আব্দুল ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার দাবি, ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো আনুষ্ঠানিক পদ-পদবি না থাকলেও সঙ্গদোষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা জানতে পারি সে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাকে বারবার বোঝানোর চেষ্টা করা হলেও সে আমাদের কথা শোনেনি। তাই আমরা স্বপরিবারে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”
লিখিত বক্তব্যে তিনি জানান, “এখন থেকে সজীব শেখের ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড বা সিদ্ধান্তের দায়ভার পরিবারের ওপর বর্তাবে না। তার সকল কর্মকাণ্ডের দায়িত্ব সে নিজেই বহন করবে।”
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে সজীব শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।