রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২০:২৪
ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের পর লক্ষ্মীপুরে পিডিবির উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার বিষয়ে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) বনি আমিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ও মিটার প্রদানসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৬২-এর ১৪১ নম্বর বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই অফিস আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে এর আগে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনেরও ঘুষ লেনদেন ও চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তাকেও সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।