রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৮
বগুড়া ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে একতা গাড়ির কাউন্টার তালা
দীর্ঘদিন রাজধানী ঢাকায় শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার (৪ জুলাই) সকালে বগুড়ায় একতা পরিবহনের ঢাকা-বগুড়া-নওগাঁ রুটের ঠনঠনিয়া বাস টার্মিনালের টিকিট বিক্রয় কেন্দ্রে তালা দিয়েছে শাহ ফতেহ আলী পরিবহনে কর্মরত আন্দোলনকারী শ্রমিক, হেলপার ও ড্রাইভাররা।
এর আগে, ১ জুলাই বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ায় আজ শনিবার সকালে ঠনঠনিয়া ঢাকা বাস টার্মিনালের পরিবহনের কাউন্টারের সামনে বেলা ১১টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী জড়ো হতে থাকেন শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক ও কর্মচারীরা। প্রথমে তারা একতা পরিবহনের কাউন্টারটিতে তালা ঝুলিয়ে দেন এরপর থেকে কাউন্টারটির সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
কয়েকজন বাস ড্রাইভার ও শ্রমিক দৈনিক এদিন কে বলেন, আমাদের দাবি একটাই প্রায় দুই মাস যাবত ঢাকায় বন্ধ থাকা আমাদের শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার খুলে দিলে, আমরাও বগুড়া কাউন্টার খুলে দিবো। শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিকরা আরও অভিযোগ করে বলেন, কোরবানির ঈদের আগে বন্ধ থাকা তাদের ঢাকা কাউন্টার খোলার ব্যাপারে এসআর পরিবহনের মালিক ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ আগামী ৭ জুলাই একতা-শাহ ফতেহ আলী পরিবহন মালিক, শ্রমিক সংগঠনদের সাথে নিয়ে বসবেন। ততদিন পর্যন্ত কোন সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত উভয় বাসের কাউন্টার বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা ।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, একতা পরিবহন কর্তৃৃপক্ষের অভিযোগ ঢাকা-বগুড়া রুটের মহাখালী বাস টার্মিনালে বগুড়া থেকে একাধিক কোম্পানির বাস চলে, তা বন্ধ করে যে কোন একটি কোম্পানি চলতে হবে। বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের অনেক এলাকা থেকে একতা পরিবহনের টিকিট কেটে রাখা অনেক যাত্রীরা এসে কাউন্টার বন্ধ দেখে ভোগান্তিতে পড়েন।
দুপুর দেড়টা পর্যন্ত বগুড়া ঠনঠনিয়ায় একতা পরিবহনের ঢাকা-বগুড়া-নওগাঁ রুটের বাস টার্মিনালের টিকিট বিক্রয় কেন্দ্র এখনও বন্ধ রয়েছে এবং শাহ ফতেহ আলী পরিবহনে কর্মরত আন্দোলনকারী শ্রমিক, হেলপার ও ড্রাইভাররা অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।