খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:০৯:৪০
চ্যানেল এস- এ প্রতিবেদন প্রকাশের পরই শুরু হলো মহাসড়ক প্রশস্তকরণ কাজ
শনিবার সকালে বাঞ্ছারামপুর অংশে আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে কোথাও কোথাও সড়কের প্রস্থ প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় বিপরীত দিক থেকে আসা যানবাহন চলাচলে তৈরি হয় জটিলতা। এতে নিয়মিত যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও থাকে। সড়কটি প্রশস্ত ও উন্নত হলে দুই উপজেলার মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তারা। সড়ক যোগাযোগ উন্নত হলে কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য দ্রুত পরিবহন করা সম্ভব হবে। এতে নবীনগর ও বাঞ্ছারামপুরের ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয়রা।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের কাজের পাশাপাশি পর্যায়ক্রমে নবীনগর অংশের উন্নয়নকাজও এগিয়ে নেওয়া হবে। শিগগিরই নবীনগর অংশের নির্মাণকাজের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
এদিকে সড়কটির সংকীর্ণতা ও জনদুর্ভোগ নিয়ে গত ১৪ সেপ্টেম্বর 'চ্যানেল এস'- এ ‘হাজার কোটি টাকার প্রকল্পে আশার আলো, বাস্তবে ভোগান্তি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সড়কের বিভিন্ন অংশের বেহাল অবস্থা, সংকীর্ণতা এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যেই কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু একটি অংশ নয়, পুরো আঞ্চলিক মহাসড়কের প্রয়োজনীয় অংশগুলো পর্যায়ক্রমে প্রশস্ত ও সংস্কার করা হলে নবীনগর-বাঞ্ছারামপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক-২ মো. দেলোয়ার হোসেন সোহেল, তাজুল ইসলাম মনা, কামাল হোসেন, মোহাম্মদ আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য গোলাম হোসেন, মোবারক হোসেন, আওয়াল সরকার, আসাদুজ্জামান বিটল, মোজাম্মেল হকসহ দুই উপজেলার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।