খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ রাত ১০:০৪:৫০
নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ এবং প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণস্থলে নজরদারি ও পুলিশের বিশেষ টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং ও মাদককে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অপরাধ প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপনকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।