মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৭:৩৬
নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি আহমেদ হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসার অভিযোগে রাকিবা আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা পালিয়ে যান বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, প্রসব ব্যথা শুরু হলে রাকিবা আক্তারকে নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়।
অভিযোগ রয়েছে, অপারেশনের কিছুক্ষণ পরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বজনদের স্পষ্টভাবে না জানিয়ে তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্স ডেকে তাকে অন্যত্র পাঠানোর চেষ্টা করে।
এ ঘটনার পর রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।