মোঃ রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) থেকে
প্রকাশ : ১ মে ২০২৬ বিকাল ০৩:২৮:৩৪
ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, ভিডিও কলে মরদেহ দেখাল ঘাতক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে ইতালি প্রবাসী হুমায়ুন (৩২) তার আপন ছোট ভাই নয়ন (২৬) কে ছুরিকাঘাত করে খুন করেছেন। গত ৩০ মে ইতালির লেইজ শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঘটনার দিন ইতালির সময় রাত ৮টায় বড় ভাই হুমায়ুনের বাসায় ছোট ভাই নয়ন তার সাইকেল চার্জ দিতে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে নয়নকে ছুরিকাঘাত করেন হুমায়ুন। হত্যার পর ভিডিও কলের মাধ্যমে পরিবারের সবাইকে মরদেহ দেখিয়ে হুমায়ুন বলেন, ‘টাকার মেশিনকে খুন করেছি’।
ইতিমধ্যে ইতালির পুলিশ অভিযুক্ত হুমায়ুনকে গ্রেপ্তার করেছে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১১-১২ বছর আগে হুমায়ুন ইতালিতে যান এবং তিন বছর আগে ছোট ভাই নয়নকেও সেখানে নিয়ে যান। নয়ন গত এক বছর ধরে উপার্জিত টাকা বড় ভাইয়ের হাতে না দেওয়ায় তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল।
এছাড়া হুমায়ুনের একাধিক বিয়ে ও পারিবারিক কলহ এই বিরোধকে আরও তীব্র করে তোলে। টাকার নেশা আর পারিবারিক অশান্তির জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নয়নের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোকাতুর স্বজনরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।