ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৪:২৬
ভৈরবে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই মাছ ব্যবসায়ীর
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল্লাহ হামজা ও মোমেন মিয়া। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী নিপু মিয়া গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত আব্দুল্লাহ হামজা পৌর শহরের চণ্ডিবের এলাকার দুলাল মিয়ার ছেলে এবং মোমেন মিয়া পলতাকান্দা এলাকার কালাম মিয়ার ছেলে। তারা পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহ, মোমেন ও নিপু দাওয়াতে অংশ নিতে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাচ্ছিলেন। পথে ভৈরব প্রান্তে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ হামজা ও মোমেন মিয়ার মৃত্যু হয়। আহত নিপু মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পারভেজ মিয়া (৩২)কে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমকার চৌধুরী।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।