দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১ মে ২০২৬ বিকাল ০৩:৩৩:১৮
খাদ্য ঘাটতি পূরণ ও কৃষকের সচ্ছলতা ফেরাতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশের খাদ্য ঘাটতি পূরণ ও কৃষক পরিবারে সচ্ছলতা ফেরাতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্য অর্জনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত 'খাল খনন কর্মসূচি'র কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক ও দুস্থ পরিবারে সচ্ছলতা ফেরাতে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং দেশব্যাপী নদী-নালা-খাল খনন কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমানের কৃষিবান্ধব এই কর্মসূচি সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটাবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দু শাসনে নিষ্পেষিত জাতির হাল ধরেছেন তারেক রহমান। তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রধানমন্ত্রীর এমন গণমুখী উদ্যোগ দেখে দেশের মানুষ আজ আশাবাদী।
এ সময় দাউদকান্দিতে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন ড. মারুফ। তিনি বলেন, বিএনপির পরিচয়েও যদি কেউ অনৈতিক সুবিধা নিতে চায় বা চাঁদাবাজি করে, তবে প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
উপজেলা কৃষি উপকরণ বিতরণ শেষে ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি পৌর সদরে সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দাউদকান্দির ইউএনও নাছিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া এবং সদস্য সচিব কাউসার আলম সরকারসহ স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।