মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ রাত ১০:২৭:৪৬
মৌলভীবাজারে কুখ্যাত সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার
মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে ‘পীর আজাদ’ (৪২) কে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ পীরের পিতা মৃত ছইদ উল্লাহ। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর গ্রামে।
পুলিশ জানায়, আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে ১০টি গ্রেফতারি পরোয়ানা ছিল।
দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও এএসআই জাহিদুর রহমানসহ পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।