খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১২:৫৩
নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও নবীনগর আহলে সুন্নাত ওয়াল জামা'আত নবীনগর উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুস, মুবারক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকালে মুফতি মাওলানা মো. এনামুল হক কুতুবির সভাপতিত্বে এবং আহলে সুন্নাত ওয়াল জামা'আত নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মতিনের সঞ্চালনায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল,র্যালি এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান-ফারুক আহমেদ, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা গোলাম হোসেন চিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও আখেরি মোনাজাত পরিচালিত হয়।