রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ দুপুর ১২:১৯:৪৫
৫০ বছরের বিরোধের অবসান, গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হলো রাস্তা; স্বস্তি ফিরল ১৫ পরিবারের মধ্যে
বগুড়ার ধুনট উপজেলার মাজবাড়ি গ্রামের তালবাড়ী পাড়ায় দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে চলা রাস্তা-সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। গ্রামবাসীর পারস্পরিক সমঝোতা ও উদ্যোগে নতুন করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে স্বস্তি ফিরেছে অন্তত ১৫টি পরিবারের মধ্যে।
স্থানীয়দের জানান, রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ থাকায় ওই পরিবারগুলোর চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। অবশেষে গ্রামবাসীর উদ্যোগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয় এবং সবার সহযোগিতায় রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়।
এলাকাবাসী বলেন, রাস্তা নির্মাণ হওয়ায় এখন শিক্ষার্থী, বৃদ্ধ, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষ সহজে চলাচল করতে পারছেন। দীর্ঘদিনের একটি সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়রা এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার অন্যান্য সমস্যার সমাধানের আশা প্রকাশ করেছেন।