কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৭:২১
লাকসামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা, অভিযোগ স্বজনদের
কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতী গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবদুল মান্নান (৭৫) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ গ্রামেই এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নানের ছোট ছেলে মো. হালিম জানান, তার বাবা বাড়ি ফেরার পথে তার বড় ভাই সামছুল হক এবং লাকসাম পৌরসভার তাতী দলের সভাপতি শুকোর আলী ও তার স্ত্রী বকুল বেগম তাকে ডেকে নিয়ে যায়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তারা তাকে বেধড়ক মারধর করে।
তিনি আরও জানান, ঘটনার পর তার বাবা বাড়িতে এসে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গেলে পুনরায় সামছুল হক ও শুকোর আলী তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে আবদুল মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।