জসিম উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩২:৪২
চাঁদপুর সদর হাসপাতালে ডিবি পুলিশের অভিযানে দালাল চক্রের ৪ সদস্য আটক
চাঁদপুর সদর উপজেলার আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চিহ্নিত দালালদের মধ্য থেকে সাহাব উদ্দিন (২৫), শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭) নামে চারজনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে অন্যান্য দালালরা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এছাড়া নারী পুলিশ সদস্য না থাকায় অভিযানের সময় কোনো নারী দালালকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃতরা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এর আগে, ১ এপ্রিল চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতাল পরিদর্শনকালে দালাল নির্মূলে কঠোর নির্দেশনা দেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই ডিবি পুলিশের এ অভিযানে চারজনকে আটক করা হয়।