মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ রাত ০৭:১৮:১২
টুঙ্গিপাড়ায় হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা-এ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল থেকে উপজেলার পাম্প ও খুচরা দোকানে তেল বিক্রি বন্ধ থাকায় মোটরসাইকেল আরোহী, অটোরিকশা চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য চালকদের ভিড় দেখা যায়। অনেক জায়গায় মোটরসাইকেল ও অটোরিকশার দীর্ঘ লাইন থাকলেও সংশ্লিষ্টরা তেল বিক্রি বন্ধ রাখায় অপেক্ষার পরও অনেককে তেল না পেয়েই ফিরে যেতে হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার জ্বালানি তেলবাহী গাড়ি টুঙ্গিপাড়ায় প্রবেশ করেছে এবং স্থানীয় পাম্পগুলোতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে। এরপরও হঠাৎ করে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারকে বেকায়দায় ফেলতে কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলার সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।