নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩৪:৫২
গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক
গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ দুই ঘন্টাপর যানচলাচল পূনরায় স্বাভাবিক হয়েছে। আজ সকাল ১০ টার দিকে কালিয়াকৈর এর এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা৷ এসময় আশে পাশের কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেয়।
পরে তারা বেলা ১১ টার দিকে মৌচাক এলাকায় এসে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। যার ফলে প্রায় ৭ কিলোমিটার রাস্তা জুড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় কালিয়াকৈর, মৌচাক, সফিপুর,ও কোনাবাড়ীতে প্রায় ১৪ টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর ফুলবাড়িয়া রোড অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছুরে৷ পরে ওই রোডে অবস্থিত অনেক কারখানা পরিস্থিতি শান্ত রাখতে কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেয়। এরপর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমান বাজারদরের তুলনায় তাদের বিদ্যমান বেতন অত্যন্ত অপ্রতুল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে বর্তমান বেতনে পরিবার-পরিজন নিয়ে দিনযাপন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ফলে জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে তারা সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের একদফা দাবি জানান।
গাজীপুর শিল্পঅঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন,প্রায় ২ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানচলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন,সরকার নির্ধারিত শ্রমিকদের মুজরী বিষয়ে যে আলোচনা চলমান আছে সেই বিষয়ে পরবর্তীতে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হবে। এ আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে দুপুর ১ টা ৪০ মিনিটে অবরোধ প্রত্যাহার করে।