মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬ রাত ০৬:৩৩:৩৩
গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস চেচানিয়াকান্দি এলাকায় জিএমএস পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় দুটি বাস মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাস দুটিতে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।