নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-এ পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪০ পুড়িয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
রোববার (৮ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— সাঞ্জু ওরফে সঞ্জু (৩০), কাউসার (২০), আলমগীর হোসেন (৪২), জাহাঙ্গীর (৪৬), শাহিদা বেগম (৩৬), শাহনাজ বেগম (৪০), তারেক হোসেন (৪৪), হেলেনা আক্তার (৪০), আসমা বেগম (৩৮) ও আলী নূর (৫২)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪৪০ পুড়িয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদক কারবারি, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।