মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ২২ মে ২০২৬ বিকাল ০৪:২০:১০
মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) জেলার রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের একজন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে কৃষক তালেব মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কৃষিজমিতে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানের বাসিন্দা স্বপন মুন্ডা হামিদিয়া চা বাগানের রাবার সেকশনে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে তালেব মিয়া ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।