রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ১০:৩৯:৪৪
শজিমেক হাসপাতালে হৃদরোগ বিভাগে আরও ২০ শয্যা বৃদ্ধি
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হৃদরোগ বিভাগের চিকিৎসা সুবিধা আরও সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে যুক্ত হওয়া বর্ধিত ওয়ার্ডে ২০টি শয্যায় এখন থেকে পুরুষ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।
গতকাল সোমবার দুপুরে এ বর্ধিত ওয়ার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে হৃদরোগ চিকিৎসার সুবিধা এখনও প্রয়োজনের তুলনায় কম থাকলেও সরকার এ খাতে উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো গেলে চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ কমিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন, উপপরিচালক ডা. মনজুর এ মুরশেদ এবং হৃদরোগ বিভাগের প্রধান ডা. অলোক চন্দ্র সরকারসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।
হৃদরোগ বিভাগের প্রধান ডা. অলোক চন্দ্র সরকার বলেন, নতুন শয্যা যুক্ত হওয়ায় বিভাগের সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এবং রোগীদের ভোগান্তি কমবে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে অধিকসংখ্যক রোগী দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে সক্ষম হবেন।