মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৩:৩৩
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট, একটি ফিলিং স্টেশন বন্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অন্য স্টেশনগুলোতে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করতে দেখা গেছে। তবে অধিকাংশ স্টেশনেই অকটেনের মজুদ নেই বললেই চলে।
রোববার (৮ মার্চ) কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে কাঁচপুর এলাকায় একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া সোনাখালী এলাকায় অবস্থিত মেসার্স আবাদী ফিলিং স্টেশন ও কাঁচপুর এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, তারা নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রি করছে এবং স্টক রেজিস্টারও যাচাই করা হয়।
পরিদর্শনের সময় মেসার্স আবাদী ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ বন্ধ থাকার বিষয়টি পাওয়া যায়। পরে তাদের কাগজপত্র যাচাই করা হয় এবং নির্ধারিত পরিমাণে জ্বালানি বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করছে বলেও নিশ্চিত হয় মোবাইল কোর্ট।
মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।