বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ১০:৪৬:০৫
আগামী চার বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন চলমান থাকবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী চার বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন কাজ ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে এবং প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম–মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায়েতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে প্রায় সাড়ে তিন কিলোমিটার বিলহামলা খাল পুনঃখনন করা হবে। এতে প্রকৃত শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারীরাও কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে একই সময়ে জেলার কাহালু উপজেলার গিরাইল এলাকায় জিয়াখাল খনন কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া–৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। উদ্বোধনের সময় তিনি নিজেই মাথায় টুকরি নিয়ে প্রতীকীভাবে খনন কাজের সূচনা করেন।