মো. রমিম সরদার, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৭:৪৭
প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হলো কালিয়ায়
সারা দেশের সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলায়ও প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। আলোচনা সভা, ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ এবং পুরস্কার প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম এবং কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিআরডিবির সদস্য ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন কালিয়া উপজেলা ইউসিসিএল সভাপতি এস এম নাজমুল হক (প্রিন্স), সাংবাদিক মো. রমিম সরদার এবং বিআরডিবির সুফলভোগী রিচিনা বেগম।
অনুষ্ঠানে বিআরডিবির সুফলভোগী রিচিনা বেগমকে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ হিসেবে ২ লাখ ১০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকারভোগীর মাঝে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।
ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।