মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার:
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ রাত ০৭:৩১:৩১
শ্রীমঙ্গলে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান মালিকের সম্পত্তি দখলের অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের পুরানবাজার এলাকায় একটি দোকানঘর নিয়ে ভাড়া বিরোধকে কেন্দ্র করে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দোকান মালিক পরিবারের সদস্য ভোলানাথ গোসাই।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পুরানবাজারে তাদের পারিবারিক মালিকানাধীন জায়গায় নির্মিত দোকানঘর দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে পরিচালনা করলেও ভাড়াটিয়া জোনাব আলী বর্তমানে ভাড়া পরিশোধ করছেন না।
ভোলানাথ গোসাই জানান, প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে তাদের পরিবার ওই এলাকায় বসবাস করে আসছে এবং দোকান ভাড়ার আয়ই তাদের প্রধান জীবিকার উৎস। তিনি বলেন, ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া একটি কথিত ক্রয় সংক্রান্ত কাগজ দেখান, তবে এর পক্ষে কোনো বৈধ রেজিস্ট্রি দলিল উপস্থাপন করতে পারেননি।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় একটি নতুন ভাড়ার চুক্তি সম্পাদিত হলেও কয়েক মাস পর আবারও ভাড়া পরিশোধ বন্ধ করে দেন জোনাব আলী।
এ অবস্থায় পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন ভোলানাথ গোসাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জোনাব আলী ভিন্ন দাবি করেন। তিনি বলেন, প্রায় ৪২ বছর আগে তার পিতা ভোলানাথ গোসাইয়ের পিতা রামা শংকর গোসাইয়ের কাছ থেকে এক লাখ টাকার বিনিময়ে একটি নন-রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জায়গাটি ক্রয় করেন। সে সময় জমি সংক্রান্ত একটি মামলা চলমান থাকায় পরে রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু রামা শংকর গোসাইয়ের মৃত্যুর পর তার ছেলে ভোলানাথ গোসাই এখন আর রেজিস্ট্রি করে দিচ্ছেন না বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।