কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৪ মে ২০২৬ বিকাল ০৩:৫৪:৫২
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার বাইমাইল সাইনবোর্ড সংলগ্ন স্থান থেকে মমতাজ আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফাইজা গার্মেন্টসের বিপরীত দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত মমতাজ আক্তার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাইজা গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় মকছেদ নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী আনোয়ার হোসেন ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে আনোয়ার হোসেনকে একটি বস্তা বহন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এসআই মো. হামিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।