মুজিবুর রহমান, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ১২:২৭:০৩
উখিয়ায় পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি ধ্বংস এবং খাল থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি এবং ড্রেজারের মাধ্যমে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের যৌথ টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাহাড় ধ্বংস ও বনভূমি উজাড়ের সত্যতা পায়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পালংখালী এলাকার সাইফুল ইসলাম ভূট্টো (৪২)-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভূমি অফিস ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। স্থানীয়দের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে পাহাড় কেটে বনভূমির ব্যাপক ক্ষতির চিত্র উঠে আসে।
বিশেষ করে মোছার খোলা বিট অফিস থেকে প্রায় এক কিলোমিটার দূরের বিস্তীর্ণ বনভূমি ধ্বংস হওয়ায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রতিবেদন দিতে বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় ও বনভূমি রক্ষায় অবৈধ মাটি কাটা, পাহাড় ধ্বংস এবং বালু উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।