কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩ জুলাই ২০২৬ রাত ১০:৪০:৪৫
কোনাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাজীপুরের কোনাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনাবাড়ী থানা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত রেশন আলীর ছেলে।
পুলিশ জানায়, কিছুদিন আগে কোনাবাড়ী থানার জরুন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ার অভিযোগে কোনাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে আনোয়ার পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবারই আনোয়ার পারভেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।