কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ বিকাল ০৫:৫১:৩২
কসবায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ বিনাউটি গ্রাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়া শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে সে।
সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহাদকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহাদ উপজেলার বিনাউটি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুকের ছেলে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা জানান, ফাহাদ অত্যন্ত ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।