মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৮:৪৬
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
মৌলভীবাজারের মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন নেতৃত্ব দেন।
অভিযানকালে বাসস্ট্যান্ডের রোমার কাউন্টার, জালালাবাদ কাউন্টার এবং সৌদিয়া কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হয়। এ সকল অনিয়মের দায়ে ৩টি বাস কাউন্টারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।