মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৮:১২
কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে এবং অন্তত অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া দুটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আঘাত হানা এ ঝড়ে উপজেলার প্রায় ২২ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় বড় বড় গাছ উপড়ে পড়ে এবং ভেঙে গিয়ে বিদ্যুতের খুঁটি ও তারের ওপর পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার ও মুন্সিবাজার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় শতাধিক বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আদমপুর ইউনিয়নে গাছপালা ভেঙে পড়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে।
ঝড়ে কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রের ১১ কেভি লাইনের ওপর বড় গাছ ভেঙে পড়ে। এতে গুরুত্বপূর্ণ সরঞ্জামসহ তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে এবং প্রায় ১৫০ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।
ঝড়ের পর রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অনেক এলাকায় টানা প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে সব তথ্য পাওয়া সম্ভব হয়নি। তবে সোমবার দুপুর পর্যন্ত অন্তত ৫৫টি ঘর আংশিক বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আরও ক্ষয়ক্ষতির তথ্য পরে জানা যাবে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ জানান, ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ চলছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং পরিস্থিতি মোকাবেলায় সোমবার সকালে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।