জাহিদ হাসান, ঢাকা
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ রাত ০৬:৪৫:২৯
‘ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন’ নামে সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ, ৯ সদস্যের কমিটি গঠন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধূমালীবাড়ী এলাকার ঢাকাস্থ বাসিন্দাদের উদ্যোগে প্রস্তাবিত ‘ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন’-এর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের রুফটপ ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়।
ড. আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকাস্থ ধূমালীবাড়ীর সদস্যরা অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ‘ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন’ চূড়ান্ত করা হয়। একই সঙ্গে ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনা কাঠামো এবং কার্যক্রম পরিচালনার নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।
সভায় ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। এতে ড. আমানুল্লাহ আমান সভাপতি এবং রাশেদ করিম সেক্রেটারি নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি ড. আমানুল্লাহ আমান বলেন, “ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।”
আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের সফলতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।