শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৭:২৩:৩১
পাউবো’র কাজে অনিয়ম দেখে কাজ বন্ধের নির্দেশ দিলেন এমপি ড. জালাল
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় চলমান উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকস্মিক পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
গত শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পরিদর্শনে গিয়ে এমপি ড. জালাল উদ্দিন কাজের নিম্নমান, বিশেষ করে ইট, বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মানে অসঙ্গতি দেখতে পান। পরে তিনি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদকে ফোনে অবহিত করে সংশ্লিষ্ট কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আমিরাবাদ বাজার সংলগ্ন ৭৫ মিটার এলাকায় শহীদ ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।
পরিদর্শন শেষে এমপি ড. জালাল উদ্দিন বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। জনগণের টাকায় পরিচালিত প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্সের প্রতিনিধি জাফরিল চৌধুরী জানান, তারা এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন এবং কোথাও ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ বলেন, তিনি আগেই পরিদর্শনে গিয়ে নিম্নমানের ইটের খোয়া দেখতে পেয়ে ব্যবস্থা গ্রহণ করেন এবং চিঠি ইস্যু করেন। এমপি মহোদয়ের পরিদর্শনের পর বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বর্তমানে ওই স্থানের কাজ বন্ধ রয়েছে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ কম দেখা গেছে। এমপির আকস্মিক পরিদর্শন ও কাজ বন্ধের নির্দেশে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।