কসবা–আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ১১:১২:৩৭
কসবায় যানজট নিরসনে অবৈধ সিএনজি স্টপেজ উচ্ছেদ
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীচাপ সামাল দিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর বটতলা এলাকায় গড়ে ওঠা অবৈধ সিএনজি স্টপেজ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে শৃঙ্খলা ফেরাতে তিনলাখপীর বাসস্ট্যান্ডে নির্ধারিত সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম–এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা স্টপেজ অপসারণ করা হয় এবং চালকদের নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করার নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও জানান, ঈদকে সামনে রেখে সড়কে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও সিএনজি দাঁড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ পদক্ষেপের ফলে যানজট কমবে এবং যাত্রীসেবা আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হবে।