মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ রাত ০৬:৪৭:১৯
নবীনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধনাশী গ্রামের বাসিন্দা সোহরাফ মিয়ার ছেলে এবং স্থানীয় ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
রোববার (৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ধনাশী গ্রামে নিজ ফসলি জমি দেখতে গেলে সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা সোহরাফ মিয়া জানান, দুপুরে মাঠে ফসল দেখতে গেলে হঠাৎ সাপের কামড়ে তার ছেলের এমন মর্মান্তিক মৃত্যু হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব বলেন, জমিতে যাওয়ার সময় সাপের কামড়ে ছামির নামের ওই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।