মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৯:১০
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতেও উড়ছে জাতীয় পতাকা, অবমাননার অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অবহেলায় রাতেও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে দাবি স্থানীয়দের।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানানো পতাকা সন্ধ্যার পরও নামানো হয়নি। সরেজমিনে সন্ধ্যা ৭টার দিকে দেখা যায়, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে পতাকার দণ্ডে উড়ছে লাল-সবুজের জাতীয় পতাকা।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে এটিকে জাতীয় পতাকার অবমাননা হিসেবে উল্লেখ করেছেন। হাসপাতাল এলাকায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, বিষয়টি কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলারই বহিঃপ্রকাশ।
হাসপাতালে সেবা নিতে আসা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার পরও পতাকা নামানো হয়নি দেখে তারা বিষয়টি আশপাশের লোকজনকে অবহিত করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।