কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ১০:৫২:১০
শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের মারধরকে কেন্দ্র করে কদমচাল গ্রামের বাসিন্দা আজমান মিয়া ও তার সহোদর ভাই ইব্রাহীম মিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতেও এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন তার পক্ষ নিয়ে ইব্রাহীম মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়ায়।পরে খবর পেয়ে ইব্রাহীম মিয়ার শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ৩০ জন আহত হন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।