অজিত কুমার দাশ, ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৬:১৮:১৬
জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় অবস্থিত বুকী নদী—যা সুরমা নদীর একটি শাখা—পরিদর্শন করেছে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (উপসচিব) খোকন কান্তি শাহার নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা, কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মো. আশরাফুল হক এবং ছাতকে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাহিদ ইসলাম।
পরিদর্শনকালে প্রতিনিধিদল বুকী নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা, অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা ও পরিবেশ দূষণের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে জাউয়াবাজার সংলগ্ন নদীতীরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, স্থাপনা এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি তাদের নজরে আসে।
এ সময় জাউয়াবাজারের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ এবং নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার তালিকা প্রস্তুত করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মিয়াকে নদী দখলমুক্ত রাখা, বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।
জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক খোকন কান্তি শাহা বলেন, নদী দখল ও দূষণ রোধে প্রশাসন, স্থানীয় জনগণ ও ব্যবসায়ী সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় কোনো ধরনের অবৈধ দখল বরদাশত করা হবে না।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।