কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ১০:২৯:২৯
মানবপাচার ও জাল এনআইডি চক্রের ‘মাস্টারমাইন্ড’ রোহিঙ্গা তোহা আটক
কক্সবাজারের উখিয়ায় মানবপাচার, জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও মানিলন্ডারিং চক্রের কথিত ‘মাস্টারমাইন্ড’ রোহিঙ্গা সদস্য মোহাম্মদ তোহাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত ও শেল্টারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি–বিদেশি মুদ্রা, ভুয়া কাগজপত্র, অনলাইন এনআইডির কপি, ব্যাংক চেক বই ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক মোহাম্মদ তোহা উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১/ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বাংলাদেশি ৫৩ হাজার টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত এবং ৬০০ মার্কিন ডলার। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি জাতীয় সনদপত্র, তার মেয়ের জন্মসনদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেক বইয়ের পাতা, অনলাইন এনআইডির কপি এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এপিবিএনের প্রাথমিক তদন্তে জানা গেছে, মোহাম্মদ তোহা প্রতারণার মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া এলাকার ঠিকানা ব্যবহার করে একটি জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। ওই পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আটক তোহা দীর্ঘদিন ধরে ক্যাম্পভিত্তিক মানিলন্ডারিং কার্যক্রমে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পাশাপাশি একটি সংঘবদ্ধ ভুয়া পাসপোর্ট চক্রের সঙ্গে তার যোগসূত্র এবং বিভিন্ন অপরাধী গোষ্ঠীর অর্থায়নে ভূমিকা থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(এ)/২৫ডি ধারাসহ দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।