মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ রাত ০৯:৩৭:০৬
কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর মুন্সিবাজার ইউনিয়নের হরিচরন গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ হেফাজতে নেয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।