চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ রাত ০৮:১৩:৫৭
চরফ্যাশনে মাদ্রাসা শিক্ষক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভোলার চরফ্যাশনে এক মাদ্রাসা শিক্ষককে ‘বলাৎকারের’ অপবাদ দিয়ে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহীদি জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) দিবাগত রাতে মাওলানা আব্দুল্লাহ আল নোমান নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নিগ্রহের অভিযোগ তোলে একটি মহল। পরে গুজব ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিকল্পিতভাবে একটি গণ-উন্মাদনার পরিবেশ তৈরি করে ওই শিক্ষককে অবরুদ্ধ করা হয়। একপর্যায়ে তাঁর গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপদস্ত করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে চরফ্যাশন সদর এলাকায় সর্বস্তরের জনতার ব্যানারে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের তথ্য-প্রমাণ বা আইনি প্রক্রিয়া ছাড়া একজন ধর্মীয় শিক্ষককে এভাবে জনসম্মুখে লাঞ্ছিত করা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ ঘটনাকে আলেম সমাজকে সামাজিকভাবে হেয় করার গভীর ষড়যন্ত্র বলে দাবি করেন।
বক্তারা আরও বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব জাস্টিস’-এর নামে কাউকে অপমান করা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
সমাবেশ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করা হলে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে স্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।