সোহেল রানা, ডামুড্যা উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৯:১৬
জাজিরায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, দেড় লাখ টাকা জরিমানা
শরীয়তপুরের জাজিরা উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মিরাশা কাজিরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে.আই.বি ব্রিক্স নামক ইটভাটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মারুফ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। এ অপরাধে আদালত ইটভাটার মালিককে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য করে তা তাৎক্ষণিকভাবে আদায় করেন।
এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। অভিযানের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ শরীয়তপুরের একটি দল সহযোগিতা করে।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।