মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪:০৭
কমলগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত, আহত ৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বদরুন বেগম (৬৫) ওই এলাকার মৃত ইলিয়াস মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত হেলিম মিয়ার সঙ্গে তার ভাই ও ভাতিজার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তার ভাই ও ভাতিজা পাশের বাড়িতে বদরুন বেগমের ঘরে আশ্রয় নেন। এ সময় ক্ষিপ্ত হেলিম মিয়া ঘরে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে বদরুন বেগমসহ চারজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুন বেগমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত হেলিম মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।