শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ১ মে ২০২৬ রাত ০৬:০৫:১৬
হজ্জক্যাম্পে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়াল উদ্ধার, গ্রেফতার ১, মূল হোতা পলাতক
রাজধানীর হজ্জক্যাম্প থেকে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়াল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক আসামিকে গ্রেফতার এবং আরও একজনকে আটক করা হয়েছে। চুরির ঘটনাটি তদন্তে নেমে পুলিশ বড় অংশ চুরিকৃত অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গত ২২ এপ্রিল, রাজধানীর হজ্জক্যাম্পে এক হজযাত্রীর কাছ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশিত হওয়ার পর চাঁদপুর জেলা পুলিশ ও সিটি এসবি যৌথভাবে তদন্ত শুরু করে।
তদন্তে সিটি এসবি থেকে প্রাপ্ত ধারাবাহিক তথ্য এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মতলব এলাকা থেকে শুরু করে মুন্সিগঞ্জ এবং পরে রাজধানীর খিলক্ষেত এলাকাতে অভিযান চালিয়ে পুলিশ গভীর রাতে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আরও একজন আসামি নাদিমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করে।
এছাড়া, চুরিকৃত অর্থ ভাঙিয়ে নেওয়া টাকার একটি অংশও পুলিশ জব্দ করেছে।
পুলিশ জানায়, এই চুরির মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান এখনও পলাতক রয়েছে। তার অবস্থান শনাক্ত করার জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
এদিকে, চুরি হওয়া রিয়াল উদ্ধার হওয়ায় হজযাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ কর্মকর্তা জাবীর হুসনাইন সানী বলেন, “আমরা চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”