বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১০:৫০
গরু চুরি চক্রের সর্দারসহ ৫ জন গ্রেপ্তার, ট্রাক উদ্ধার
বগুড়ায় র্যাব-১২-এর পৃথক অভিযানে আন্তঃজেলা গরু চুরি চক্রের সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
র্যাব-১২-এর সিপিএসসি, বগুড়া সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকড়তলা এলাকায় একটি গরুর খামারে চুরির ঘটনা ঘটে। ওই খামার থেকে পাঁচটি ষাঁড় গরু চুরি করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
এ ঘটনায় ৩ মার্চ শিবগঞ্জ থানায় মামলা করা হয়। পরে তদন্তের স্বার্থে র্যাব-১২ চক্রটিকে ধরতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চক্রটির সদস্যরা বগুড়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন এলাকায় গিয়ে জড়ো হতেন। পরে চক্রের মূল হোতা জসিম উদ্দিন জুয়েল ট্রাক নিয়ে যোগ দিতেন। তাঁরা নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় গরু চুরি করে বিক্রি করতেন।
এর পরিপ্রেক্ষিতে বগুড়ার শিবগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তারাজুল ইসলাম ও সজল মণ্ডলকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযানে সজিব মিয়া ওরফে টাইগার এবং শরিফুলকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১২, বগুড়া ও র্যাব-৫, রাজশাহীর যৌথ অভিযানে রাজশাহীর তানোর এলাকা থেকে চক্রের সর্দার জসিম উদ্দিন জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ন ১৮-৪৪১০ নম্বরের একটি ট্রাক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চক্রের সর্দারকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় এবং অন্য চারজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।