মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৩:৫৭
নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: সেই বৃদ্ধ গ্রেপ্তার
নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও তার খেলার সঙ্গীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ মো. আব্দুস সাত্তারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল ১৭ এপ্রিল বিকেলে ওই দুই শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত আব্দুস সাত্তার উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে প্রতিবেশী আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে তিনি বড় শিশুটিকে ধর্ষণ করেন এবং ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।
চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যম 'চ্যানেল এস' টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে জেলা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে আসামিকে ধরতে তিনটি বিশেষ টিম গঠন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ করে আসামির অবস্থান শনাক্ত করে। এরপর রাতভর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আজ সকালে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। দ্রুততম সময়ের মধ্যে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা এই নক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।