মো. শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:০২:০০
কসবায় কৃষিজমির মাটি কাটায় যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলমপুর-চন্ডিদ্বার এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযানকালে আলমপুর-চন্ডিদ্বার এলাকার আবুল কালাম আজাদ (পিতা: জাহের মিয়া) এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তাকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।