রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ বিকাল ০৫:২৩:২৪
বগুড়ায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮
জেলা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুদের একজন বগুড়া সদরের আলমগীর হোসেনের ৮ মাস বয়সী ছেলে সাফায়ান। তাকে গত সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, গাবতলী উপজেলার শাকিলের ৪ মাস বয়সী ছেলে সাইফানকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত মারা যাওয়া আট শিশুর মধ্যে একজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। অন্যদের নমুনা পরীক্ষা ও পর্যবেক্ষণ চলছে।
বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলম জানান, গত ২৪ ঘণ্টায় জেলার দুটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে দুইজন ভর্তি রয়েছে।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৭ জন এবং টিএমএসএস হাসপাতালে ৫ শিশু ভর্তি আছে।
তিনি আরও জানান, গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ৩৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত ছয়জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।