কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১০:৫৫
কোনাবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে খোরশেদ আলম (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদহটি উদ্ধার করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে চার জনকে।
নিহত যুবক কোনাবাড়ি থানাধীন আমবাগ পূর্ব পাড়া সোহাগ মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং জিয়াউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত দশটার সময় হৃদয় কাদের নাঈমসহ ৫ থেকে ৭ জন যুবক খোরশেদ আলমকে ডেকে নিয়ে যায় এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। পরে সকাল ছয়টার সময় পাশের একটি কাঠ বাগানে খোরশেদ আলমের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় ।
বাড়ির মালিক সোহাগ মিয়া জানান, হৃদয়রা আগে থেকেই মাদকের সাথে জড়িত ছিলো। সম্ভবত মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে। তিনি বলেন পুলিশ চারজনকে আটক করে নিয়ে যায়। আরো তিনজন পলাতক রয়েছে। বাড়ির মালিক আরো বলেন হৃদয় কিছুদিন আগে খোরশেদ আলমের মাকে বাসায় এসে হুমকি দিয়ে যায়। হুমকি দেওয়ার সময় বলেছিল তোমার ছেলেকে মেরে ফেলবো।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ- পরিদর্শক (এস আই) মোঃ হামিদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।